বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন, ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে সরে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন মো. রাশেদ খাঁন। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলটিতে যোগদান করেন।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর উপজেলার আংশিক এলাকা) থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রাশেদ খাঁন। তিনি দলীয় নেতাকর্মীদের রাশেদ খাঁনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিএনপিতে যোগ দিয়ে প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি নিজের রাজনৈতিক আদর্শ হিসেবে বিবেচনা করেন। বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন দিকনির্দেশনা পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, “আমি বিশ্বাস করি, নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্ব সময়ের দাবি। সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
তিনি জানান, তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয়ে বিএনপিতে যোগ দিয়েছেন তিনি।
এর আগে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে মো. রাশেদ খাঁনকে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী তিনি ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ বিষয়ে শুক্রবার রাতে গণমাধ্যমে কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে অতীতে আমরা একসঙ্গে আন্দোলন করেছি। ফ্যাসিবাদ-পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে রাষ্ট্র সংস্কার জরুরি। সেই লক্ষ্যেই যারা আন্দোলনে ছিল, তারা নির্বাচনে এবং ভবিষ্যতের জাতীয় সরকার গঠনের ক্ষেত্রেও একসঙ্গে ভূমিকা রাখবে।”
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।