এই সপ্তাহেই নির্বাচনী তফসিল আসছে: প্রধান বিচারপতির পূর্ণ সহায়তার আশ্বাস পেলেন সিইসি
এই সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে—এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে তিনি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
সিইসির ভাষায়, নির্বাচন ইতোমধ্যে প্রস্তুতির চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে। তিনি বলেন, “আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি। আজকের সাক্ষাৎ ছিল মূলত সৌজন্য, তবে নির্বাচনী দায়িত্বে বিচার বিভাগের সহায়তা বিষয়ে আলোচনা করেছি।”
সাক্ষাতে প্রধান বিচারপতি নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান সিইসি নাসির উদ্দিন। তিনি আরও বলেন, “তফসিল ঘোষণা এই সপ্তাহেই আসছে বলে আমাদের পরিকল্পনা রয়েছে। বিচার বিভাগ থেকে পূর্ণ সমর্থন পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি।”
এসময় নির্বাচনের মাঠে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য ৩০০ জন বিচারক চেয়ে আবেদন করেন সিইসি। প্রধান বিচারপতি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে তাঁকে অবহিত করা হবে।
এর আগে ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেন সিইসি নাসির উদ্দিন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।