গুম মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শুনানি আজ
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গুমের মামলায় আজ (রোববার, ২৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়েছে। মামলার অপর আসামি সাবেক প্রধানমন্ত্রী ও স্বৈরশাসক শেখ হাসিনা এখনো পলাতক রয়েছেন।
সূত্রে জানা গেছে, আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষ মামলার তদন্ত অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করবে।
এছাড়া, গণঅভ্যুত্থানের সময় চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে হত্যা মামলায় আজ ২০তম সাক্ষী আদালতে জবানবন্দি দেবেন। এই মামলায় আসামি হিসেবে আছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজন পুলিশ কর্মকর্তা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৬ অক্টোবর, দ্বিতীয় দিনের শুনানিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাক্ষ্য দেন এবং মামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এই মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল। তবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনা জোনের ডিসি আকতার এবং এসি ইমরুল এখনো পলাতক রয়েছেন।
অন্যদিকে, আজ একই ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের সময় ফার্মগেইটে শহীদ গোলাম নাফিস হত্যা মামলার শুনানিও অনুষ্ঠিত হবে। এই মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন সম্পর্কেও ট্রাইব্যুনালকে অবহিত করবে প্রসিকিউশন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।