হাদিকে গুলি করা হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারে: ডিএমপি কমিশনার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শুক্রবার গভীর রাতে এক গণমাধ্যমকে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ ইতোমধ্যে অভিযান চালাচ্ছে এবং যে কোনো মুহূর্তে গ্রেপ্তারের খবর আসতে পারে।
এদিকে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আহত শরিফ ওসমান বিন হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা এখনো গুরুতর।
এর আগে শুক্রবার দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় চলাচলের সময় মোটরসাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, গুলিটি শরিফ ওসমান বিন হাদির ডান দিক দিয়ে প্রবেশ করে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। তবে গুলির কিছু অংশ তার মস্তিষ্কে রয়ে গেছে, যা তার অবস্থাকে আরও জটিল করে তুলেছে।
ঘটনার পর থেকেই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।