জাতীয় নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৈঠকে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনকালীন নিরাপত্তা, সহিংসতা রোধ এবং প্রশাসনিক প্রস্তুতিসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য রোববার (২৬ অক্টোবর) সকালে সচিবালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ দমন, জুলাই হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি, উসকানিমূলক সাইবার কার্যক্রম প্রতিরোধ, এবং নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।
এছাড়া, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা, শীর্ষ সন্ত্রাসীদের জামিন পরবর্তী তৎপরতা নিয়ন্ত্রণ, নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা প্রতিরোধ, এবং শিল্পকারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিতকরণ নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে আরও আলোচনা হয়—
- গার্মেন্টস ও শিল্পপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির তৎপরতা রোধে করণীয়
- অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা
- সীমান্ত ও পার্বত্যাঞ্চল নিরাপত্তা জোরদার করা
- রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ
- মা ইলিশ সংরক্ষণে বিশেষ উদ্যোগ
সভায় উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ ও সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, এবং পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি বৈঠকে অংশ নেন বলে জানা গেছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।