জাতীয় স্মৃতিসৌধে আজ শ্রদ্ধা জানাবেন তারেক রহমান, জোরদার চার স্তরের নিরাপত্তা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং নেওয়া হয়েছে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে প্রত্যাবর্তনের একদিন পরই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা গেছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের দলীয় প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু জানান, দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ সময় সাভার-আশুলিয়া অঞ্চল থেকে প্রায় এক লাখ নেতাকর্মীর উপস্থিতি থাকতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনী মাঠে কাজ করছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপারেশনস) আরাফাতুল ইসলাম জানান, তারেক রহমানের সফর ঘিরে চার স্তরের নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে তারেক রহমান প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।