জনশক্তি রপ্তানিতে দালালমুক্ত ব্যবস্থা জরুরি: ড. মুহাম্মদ ইউনূস
বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দালাল নির্ভরতা বন্ধ না হলে কাঙ্ক্ষিত সাফল্য আসবে না—এমন স্পষ্ট মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জনশক্তি রপ্তানি ব্যবস্থাকে স্বচ্ছ ও দালালমুক্ত না করতে পারলে এই খাতে কোনো স্থায়ী উন্নয়ন সম্ভব নয়।
বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, “দালালচক্র থেকে বের হতে না পারলে কোনো ব্যবস্থাই সঠিক পথে চলবে না। বাস্তবতা হলো—এই পৃথিবী এখন দালালনির্ভর হয়ে পড়েছে। সরকার চাইলেও অনেক সময় এই অদৃশ্য নেটওয়ার্কের ভেতরে প্রবেশ করার সুযোগ পায় না।”
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে বারবার অভিযোগ আসছে—বাংলাদেশ থেকে যাওয়া অনেক অভিবাসনপ্রত্যাশীর কাগজপত্র সঠিক নয়, বরং ভুয়া। এর নেতিবাচক প্রভাব হিসেবে কিছু দেশ ইতোমধ্যে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া সীমিত বা বন্ধ করে দিয়েছে।
বিশ্বের সম্পদ বণ্টনের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, অনেক দেশ প্রাকৃতিক সম্পদ যেমন তেলের খনি আবিষ্কার করে অর্থনৈতিকভাবে এগিয়ে গেছে। অথচ বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো তারুণ্য। “আমাদের তরুণরা কোনো বোঝা নয়—তারা সোনার চেয়েও দামী সম্পদ। এ শক্তিকে অবহেলা করা যাবে না, কাজে লাগাতে হবে,” বলেন তিনি।
ড. ইউনূসের মতে, বিশ্বজুড়ে কর্মক্ষম তরুণ জনশক্তির ঘাটতি রয়েছে। সে তুলনায় বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী বিশাল সম্ভাবনার ক্ষেত্র তৈরি করেছে। সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশ আরও শক্ত অবস্থান নিতে পারবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।