জুমার পর শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত, বিকেলে বাংলামোটরে বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির আকস্মিক মৃত্যুতে ঢাকায় জুমার নামাজের পর শাহবাগে যে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে। পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টায় বাংলামোটর থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি কর্মসূচির এই পরিবর্তনের কথা জানান।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, জুমার নামাজের পর যেকোনো ধরনের কর্মসূচি পালনের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি দাবি করেন, গতকালের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে জুলাইবিরোধী কিছু শক্তি ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা করছে।
তিনি আরও উল্লেখ করেন, এনসিপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী এবং যেকোনো ধরনের সহিংসতা, অগ্নিসংযোগ কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট। জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে যেন কোনো উগ্র বা হঠকারী গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।