খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতির তকমা ঝেড়ে ফেলেছিল: লন্ডন থেকে তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত শাসনামলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ধীরে ধীরে ‘দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা’ থেকে বেরিয়ে আসার প্রমাণ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছেই রয়েছে। এটি বিএনপির দাবি নয়—বরং একটি স্বাধীন সংগঠনের মূল্যায়ন বলেই মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) লন্ডন থেকে ভারচুয়ালি যুক্ত হয়ে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করতে হলে জনগণকে অন্তর্ভুক্ত করেই অগ্রযাত্রা গড়ে তুলতে হবে। তিনি বলেন,
“জাতীয় ঐক্য ছাড়া দেশের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। উন্নত বাংলাদেশ গড়তে হলে সকল মানুষের অংশগ্রহণ নিশ্চিতে রাজনৈতিক বিভাজন দূর করা জরুরি।”
নারী উন্নয়ন প্রসঙ্গে তিনি তুলে ধরেন, দেশের জনসংখ্যার অর্ধেকই নারী এবং বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষিত করে জাতি গঠনের ভিত্তি তৈরি করেছিলেন। তিনি আরও বলেন,
“আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা শুধু শিক্ষিত নারী নয়—সাবলম্বী মা তৈরি করতেও কাজ করবো। পরিবার শক্তিশালী হলে দেশও দ্রুত স্বাবলম্বী হয়ে উঠবে।”
কৃষিক্ষেত্র সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তারেক রহমান বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। দেশে ২০ কোটি মানুষের খাদ্য উৎপাদনের বড় অংশই কৃষকদের ঘাম ঝরানো পরিশ্রমের ফল। তিনি উল্লেখ করেন, দেশের কৃষক সমাজ বিভিন্ন স্তরের হলেও বিএনপির লক্ষ্য হবে প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।