বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৬৮°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

খাস জমি দখল, জাল দলিল ও প্রশাসনিক নীরবতা

ক্ষমতার ছত্রচ্ছায়ায় ময়মনসিংহে সরকারি সম্পত্তি আত্মসাতের অনুসন্ধান।


সরকারি খাস জমি কি এখন প্রভাবশালী কর্মকর্তাদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হচ্ছে? ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে একটি বহুতল ভবন নির্মাণ ঘিরে এমনই গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে সরকারি নথি, ভূমি রেকর্ড ও প্রশাসনিক চিঠিপত্র।


বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের সহকারী পরিচালক (অনুষ্ঠান) আহাদ মো. সাঈদ হায়দারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে; সরকারের ১নং খাস খতিয়াভুক্ত জমিতে জাল দলিল ও ভুয়া রেকর্ড সৃজন করে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাৎ করার।
ভূমি অফিস ও জেলা সেটেলমেন্ট রেকর্ডরুমের নথি অনুযায়ী, ময়মনসিংহ টাউন মৌজার সিএস ৯৫ নং খতিয়ানের অন্তর্গত সিএস ২৭৫৭ ও এসএ ১০৬৪০ নং দাগভুক্ত ভূমি জমিদারি প্রথা বিলুপ্তির পর থেকেই সরকারের নামে ১নং খাস খতিয়ানে রেকর্ডভুক্ত। সিএস, এসএ এবং বিএরএস; তিন স্তরের রেকর্ডেই জমিটি সরকারি খাস জমি হিসেবে বিদ্যমান।


তবে বাস্তব চিত্র ভিন্ন। মাঠপর্যায়ের অনুসন্ধানে দেখা যায়, ওই জমিতে ইতোমধ্যে পাকা বসতবাড়ী নির্মাণ, চারদিকে ইটের প্রাচীর এবং বহুতল ভবনের জন্য ছয়তলা ফাউন্ডেশনসহ প্রথম তলার কাজ সম্পন্ন হয়েছে।


অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ১৯৯২ সালের ৮ মার্চ তারিখে ৩৭৬৫ নং একটি সাফ কবলা দলিল দেখিয়ে দাবি করা হয়; জমিটি নাকি এসএ ৪৩০৪ নং খতিয়ানের ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি। অথচ স্থানীয় ভূমি অফিস ও জেলা রেকর্ডরুমে এই খতিয়ানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
এই দলিলে জবেদ আলী সরকার নামে এক ব্যক্তিকে দাতা দেখিয়ে গ্রহিতা হিসেবে দেখানো হয় অভিযুক্ত কর্মকর্তার মা মিসেস সেতারা বেগমকে। ভূমি কর্মকর্তারা বলছেন, খাস খতিয়ানের জমিকে ব্যক্তি মালিকানায় দেখানোর এমন দলিল সাধারণত পরিকল্পিত জালিয়াতির ফল।
জাল দলিলের ভিত্তিতে বিএরএস ৫২৩৩ নং খতিয়ান সৃজন করা হলেও বিষয়টি জানাজানি হলে ভূমি অফিস ওই খতিয়ান ব্লক করে দেয়। হোল্ডিং খোলা হয়নি, নিয়মিত খাজনা পরিশোধও সম্ভব হয়নি। এমনকি হোল্ডিং বহিতে ভূমি সহকারী কর্মকর্তা জমিটি স্পষ্টভাবে ুখাস খতিয়ানের জমি” হিসেবে উল্লেখ করে রেখেছেন।


প্রশ্ন উঠছে; যে জমির খতিয়ান ব্লক, হোল্ডিং নেই, খাজনা নেই; সে জমিতে কীভাবে বহুতল ভবন নির্মাণ চলমান থাকে?
অনুসন্ধানে আরও জানা যায়, একই কর্মকর্তা ও তার পরিবারের বিরুদ্ধে শুধু টাউন মৌজাই নয়, চরঈশ্বরদিয়া মৌজার ‘নদী’ শ্রেণির সরকারি জমি (এসএ ১৩৮১, বিএরএস ৩৩১০ দাগ) দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ রয়েছে।


২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহের তৎকালীন জেলা প্রশাসক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সরকারি পত্রে জাতীয় নদী রক্ষা কমিশনে পাঠানো অবৈধ দখলদারদের তালিকায় ৫৩ নম্বরে অভিযুক্ত কর্মকর্তার মাতা মিসেস সেতারা বেগমের নাম অন্তর্ভুক্ত রয়েছে। তালিকাটি এখনো কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত।


তবুও প্রশ্ন থেকে যায়; যখন সরকারি তালিকায় নাম রয়েছে, রেকর্ডে জমি খাস, খতিয়ান ব্লক; তখন প্রশাসন কেন নীরব?
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হলেও অভিযুক্ত কর্মকর্তার প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাবের কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রায় ১০ কোটি টাকার সরকারি সম্পত্তি ধাপে ধাপে ব্যক্তিগত দখলে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগ সত্য হলে এটি সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর সরাসরি লঙ্ঘন। পাশাপাশি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ধারা ১১ এবং দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।


সবার আজ প্রশ্ন,অস্তিত্বহীন এসএ খতিয়ান দিয়ে দলিল রেজিস্ট্রি হলো কীভাবে? বিএরএস খতিয়ান ব্লক থাকা সত্ত্বেও নির্মাণ অনুমতি এলো কোথা থেকে? নদী শ্রেণির জমিতে স্থাপনা নির্মাণে কোন দপ্তর চোখ বন্ধ রাখলো? প্রশাসনিক নীরবতার দায় কার? এই প্রশ্নগুলোর উত্তর না মিললে, খাস জমি দখলের এমন ঘটনা ভবিষ্যতে আরও বাড়বে; এমন আশঙ্কাই করছেন স্থানীয়রা।

 

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla