বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

লিবিয়া উপকূলে নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০ জন শরণার্থীর মৃত্যু

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে সুদানি শরণার্থী বহনকারী একটি নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, নৌকাটিতে মোট ৭৫ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। রবিবার সংঘটিত এই দুর্ঘটনার খবর প্রকাশ করেছে আল জাজিরা।

আইওএম এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। সংস্থাটি এক্স-এ পোস্ট করে বলেছে, “ভূমধ্যসাগরে বারবার এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। এখনই প্রাণ বাঁচাতে জরুরি পদক্ষেপ প্রয়োজন।”

এমন ট্র্যাজেডি নতুন নয়। কেবল গত মাসেই ইয়েমেনের উপকূলে একটি নৌকা ডুবে ৬৮ জন শরণার্থী ও অভিবাসীর মৃত্যু হয়, নিখোঁজ হন আরও অনেকে। আইওএমের তথ্য অনুযায়ী, শুধু ২০২৩ সালেই ভূমধ্যসাগরে অন্তত ২ হাজার ৪৫২ জন শরণার্থী বা অভিবাসীর মৃত্যু হয়েছে কিংবা তাদের খোঁজ মেলেনি। ইউরোপগামী এই সমুদ্রপথকে বিশ্বের অন্যতম প্রাণঘাতী রুট হিসেবে ধরা হয়।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়া ইউরোপমুখী অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়। বর্তমানে দেশটিতে প্রায় ৮ লাখ ৬৭ হাজার অভিবাসী অবস্থান করছে। গাদ্দাফির শাসনামলে আফ্রিকার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকেরা লিবিয়ায় কাজের সুযোগ পেতেন। কিন্তু তার মৃত্যুর পর থেকে দেশটি একের পর এক সশস্ত্র মিলিশিয়ার দ্বন্দ্বে বিপর্যস্ত হয়ে পড়ে।

এই সর্বশেষ দুর্ঘটনা আবারও প্রমাণ করছে—আফ্রিকা থেকে ইউরোপমুখী যাত্রা এখন কতটা অনিশ্চিত ও প্রাণঘাতী। গত আগস্টে ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে দুটি নৌকা ডুবে অন্তত ২৭ জন মারা যান। জুন মাসেও লিবিয়া উপকূলে দুটি জাহাজডুবিতে অন্তত ৬০ জনের মৃত্যু বা নিখোঁজের ঘটনা ঘটে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, লিবিয়ায় শরণার্থী ও অভিবাসীরা নিয়মিত নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হচ্ছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন অভিবাসন ঠেকাতে লিবিয়ার কোস্টগার্ডকে অর্থ ও সরঞ্জাম দিয়ে আসছে। কিন্তু অভিযোগ রয়েছে, ওই বাহিনীর সঙ্গে অপরাধচক্র ও মিলিশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

এছাড়া ইউরোপীয় দেশগুলো সরকারি উদ্ধার অভিযান ধীরে ধীরে সীমিত করায় সমুদ্রযাত্রা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দাতব্য সংস্থাগুলোকে উদ্ধার কাজে বাধা দেওয়া হচ্ছে, এমন অভিযোগও উঠেছে। ফলে সংঘাত ও নিপীড়ন থেকে পালাতে আসা বহু মানুষ লিবিয়ায় আটকা পড়ে অমানবিক পরিবেশে দিন কাটাতে বাধ্য হচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla