মাদারীপুরের আবাসিক হোটেলে পাওয়া গেল নিখোঁজ সেই বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে
রাজধানী ঢাকা থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর অবশেষে মাদারীপুরের একটি আবাসিক হোটেল থেকে বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (ডিডি) সৈয়দ নাইম রহমানকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর পৌরসভার পুরান বাজার এলাকার ‘রয়েল রেস্ট হাউস’ নামের একটি হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়।
হোটেল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, সৈয়দ নাইম রহমান গত রোববার হোটেলে ওঠেন। নিজেকে চাকরির পরীক্ষার প্রার্থী হিসেবে পরিচয় দেন এবং দুই-তিন দিন থাকার কথা জানান। তিনি অগ্রিম ভাড়াও পরিশোধ করেছিলেন।
তার হঠাৎ নিখোঁজের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হোটেলটিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
হোটেলের রেজিস্টার বইয়ে সৈয়দ নাইম রহমান নিজের ঠিকানা হিসেবে ঢাকার মিরপুরের পল্লবী এলাকা এবং বাবার নাম সৈয়দ মোস্তাফিজুল রহমান উল্লেখ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান জানান, “রোববার সকালে তিনি অফিসে যোগ দেন। দুপুরে ব্যাগ ও পরিচয়পত্র রেখে বেরিয়ে যান এবং এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়।”
পরিবারের পক্ষ থেকে রাজধানীর মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশ সুপার আরও জানান, “তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে মাদারীপুর শহরের ওই আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।”
মাদারীপুর সদর মডেল থানার সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কর্মকর্তা চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে অবস্থান করছেন। প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে বুধবার (১২ নভেম্বর) তাকে ঢাকার মতিঝিল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনাটি নিয়ে ব্যাংক কর্মকর্তা ও তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।