বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
রোববার (১১ জানুয়ারি) ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি ছবি শেয়ার করেন। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, “২০২৬ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ।” মুহূর্তেই বিষয়টি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
এর আগে, চলতি মাসের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক বিশেষ সামরিক অভিযান চালায়। ওই অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের গুরুতর অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তারা নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন। ওই সামরিক অভিযানে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে বলে জানা গেছে।
ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম তেলসমৃদ্ধ দেশ হওয়ায়, মাদুরো দম্পতিকে আটক করার পর দেশটির তেল সম্পদের ভবিষ্যৎ নিয়েও বক্তব্য দেন ট্রাম্প। তিনি জানান, ভেনেজুয়েলার তেলসম্পদ আপাতত যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে।
পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, অনির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল সম্পদের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে থাকবে এবং দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারে সক্রিয় ভূমিকা পালন করবে। তবে ‘উপযুক্ত সময়ে’ এই সম্পদের মালিকানা আবার ভেনেজুয়েলার সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, মাদুরো অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। সেনাবাহিনীও তার প্রতি আনুগত্য প্রকাশ করে। দায়িত্ব নেওয়ার পর ডেলসি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার আশ্বাস দেন।
এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করায় আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla