নির্বাচন ডাকাতির পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা প্রয়োজন: প্রধান উপদেষ্টা
ভবিষ্যতে যেন আর কোনোভাবেই নির্বাচন ব্যবস্থাকে বিকৃত করা না যায়—সে লক্ষ্যে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচন ডাকাতির মতো ঘটনা আর কখনো ঘটতে দেওয়া যাবে না।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদন গ্রহণ করেন প্রধান উপদেষ্টা। প্রতিবেদন জমা দেওয়ার পর কমিশনের সদস্যদের সঙ্গে তিনি দীর্ঘ আলোচনা করেন এবং তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্য নিয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন তদন্ত কমিশনের প্রধান সাবেক বিচারপতি শামীম হাসনাইনসহ সদস্য শামীম আল মামুন, কাজী মাহফুজুল হক সুপণ, ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন ও ড. মো. আব্দুল আলীম। পাশাপাশি আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও সেখানে উপস্থিত ছিলেন।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং বাকি ১৪৭টি আসনে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে একটি সাজানো নির্বাচন সম্পন্ন করা হয়। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছিল বলে প্রতিবেদনে উঠে আসে।
কমিশনের পর্যবেক্ষণে আরও বলা হয়, ২০১৪ সালের নির্বাচন আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচিত হওয়ায় ২০১৮ সালের নির্বাচনকে কৃত্রিমভাবে ‘প্রতিদ্বন্দ্বিতামূলক’ রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বিরোধী দলগুলো প্রকৃত চিত্র অনুধাবন না করেই নির্বাচনে অংশ নেয়, যার সুযোগ নেয় ক্ষমতাসীনরা।
প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা ভোট ডাকাতির কথা শুনেছি, কিছুটা জানতাম। কিন্তু যেভাবে পুরো নির্বাচন ব্যবস্থাকে নির্লজ্জভাবে বিকৃত করা হয়েছে, তা জাতির সামনে তুলে ধরা জরুরি। কারা জড়িত ছিল, কীভাবে করেছে—সবকিছুর পূর্ণাঙ্গ রেকর্ড থাকা দরকার।”
তিনি আরও বলেন, “মানুষের টাকায় নির্বাচন আয়োজন করে গোটা জাতিকে কার্যত শাস্তি দেওয়া হয়েছে। জনগণ অসহায়ের মতো তাকিয়ে ছিল। যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল, তাদের পরিচয় সামনে আনতে হবে, যেন ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়। নির্বাচন ডাকাতি আর কখনো না ঘটার মতো ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”
কমিশনের হিসাব অনুযায়ী, ২০১৮ সালের নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোটকেন্দ্রে আগের রাতেই ব্যালট পেপারে সিল মারা হয়। প্রশাসনের একটি অংশের মধ্যে আওয়ামী লীগকে জেতাতে অসৎ প্রতিযোগিতা চলছিল, যার ফলে কোথাও কোথাও ভোটের হার ১০০ শতাংশের বেশি দেখানো হয়।
২০২৪ সালের নির্বাচনে বিএনপিসহ বিরোধী দল অংশ না নেওয়ায় ‘ডামি’ প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনকে প্রতিযোগিতামূলক দেখানোর কৌশল গ্রহণ করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, তিনটি নির্বাচনেই রাষ্ট্রের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়। বিশেষ কিছু কর্মকর্তাকে নিয়ে ‘নির্বাচন সেল’ গঠন করে পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়েছিল। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে নির্বাচন ব্যবস্থার নিয়ন্ত্রণ ধীরে ধীরে নির্বাচন কমিশনের হাত থেকে প্রশাসনের হাতে চলে যায়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।