বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

নির্বাচনী প্রচারণায় রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, উত্তরবঙ্গে বিএনপির বড় সমাবেশের প্রস্তুতি

নির্বাচনী প্রচারণায় রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, উত্তরবঙ্গে বিএনপির বড় সমাবেশের প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা জোরদার করতে আজ রাজশাহী যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

তারেক রহমানের এই সফরকে ঘিরে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় নেতারা জানিয়েছেন, এটি একটি বড় আকারের মহাসমাবেশে রূপ নেবে। দীর্ঘদিন পর দলীয় প্রধানের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানান, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর আগামী ২৯ জানুয়ারি তিনি আবার রাজশাহীতে আসছেন। এই জনসভা মঞ্চ থেকেই রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিএনপির মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তিনি।

বুধবার রাজশাহী মহানগর বিএনপির নেতারা জানান, জনসভাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতারা একাধিকবার জনসভাস্থল পরিদর্শন করেছেন এবং সার্বিক প্রস্তুতি তদারকি করেছেন।

রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, “তারেক রহমান রাজশাহীসহ পুরো উত্তরবঙ্গের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা নিয়ে আসছেন। তাঁর বক্তব্য দেশের মানুষকে নতুন করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে।”

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, রাজশাহীর জনসভা শেষে একই দিন নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সন্ধ্যায় নওগাঁ পৌঁছে সেখানকার এটিএম মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। পরে নওগাঁ থেকে বগুড়ায় গিয়ে রাত ৮টার দিকে আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত আরেকটি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। ওই রাতে তিনি বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার বেলা ১১টায় তারেক রহমান নিজের নির্বাচনী এলাকার চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন। এরপর মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেল সাড়ে ৩টায় পৈতৃক নিবাস গাবতলীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখার মাধ্যমে উত্তরবঙ্গ সফর শেষ করবেন তিনি।

বিএনপির নেতারা মনে করছেন, এই সফরের মাধ্যমে উত্তরবঙ্গে দলের নির্বাচনী প্রচারণা নতুন গতি পাবে এবং ভোটের মাঠে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla