সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষী, আহত আরও ৮
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাভুক্ত আবেই অঞ্চলের কাদুগলি লজিস্টিক বেসে ভয়াবহ ড্রোন হামলায় শহীদ ও আহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, শনিবার স্থানীয় সময় আনুমানিক বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর চালানো এই নৃশংস হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আহত হন আরও ৮ জন। রোববার (১৪ ডিসেম্বর) সংস্থাটির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানানো হয়।
🇧🇩 শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীরা
1. কর্পোরাল মো. মাসুদ রানা, এএসসি – নাটোর
2. সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর – কুড়িগ্রাম
3. সৈনিক শামীম রেজা, বীর – রাজবাড়ী
4. সৈনিক শান্ত মন্ডল, বীর – কুড়িগ্রাম
5. মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম – কিশোরগঞ্জ
6. লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া – গাইবান্ধা
🚑 আহত বাংলাদেশি শান্তিরক্ষীরা
1. লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি (অর্ডন্যান্স) – কুষ্টিয়া
2. সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, বীর – দিনাজপুর
3. কর্পোরাল আফরোজা পারভিন ইতি (সিগন্যালস) – ঢাকা
4. ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম (ইএমই) – বরগুনা
5. সৈনিক মো. মেজবাউল কবির, বীর – কুড়িগ্রাম
6. সৈনিক মোসা. উম্মে হানি আক্তার (ইঞ্জিনিয়ারিং) – রংপুর
7. সৈনিক চুমকি আক্তার (অর্ডন্যান্স) – মানিকগঞ্জ
8. সৈনিক মো. মানাজির আহসান, বীর – নোয়াখালী
আইএসপিআর জানায়, আহত আটজনের সবাইকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত সৈনিক মো. মেজবাউল কবিরের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বাকি সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে অন্যত্র স্থানান্তর করা হয়েছে এবং তারা সবাই আশঙ্কামুক্ত।
বাংলাদেশ সেনাবাহিনী এই বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবিচল অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে সেনাবাহিনী।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।