শুরু হলো মহান বিজয়ের মাস ডিসেম্বর: স্বাধীনতার গৌরব ও বেদনার ইতিহাস
শুরু হয়েছে বাঙালির গর্ব, ত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক—মহান বিজয়ের মাস ডিসেম্বর। ৩০ লাখ শহীদের রক্তস্নাত পথ পেরিয়ে এবং দুই লাখ মা-বোনের অবর্ণনীয় আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধই সবচেয়ে গৌরবময় অধ্যায়। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির স্বপ্ন পূরণ করে এই ডিসেম্বরেই।
১৬ ডিসেম্বর আসে চূড়ান্ত বিজয়ের বার্তা—বাঙালির শত বছরের আকাঙ্ক্ষা পূরণ হয়ে জাতি পায় স্বাধীন ভূখণ্ড ও নিজস্ব লাল-সবুজের পতাকা। ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে গড়ে ওঠা জাতীয়তাবাদ এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পূর্ণতা পায় এই দিনে।
তবে বিজয়ের আনন্দের পাশাপাশি ডিসেম্বর বয়ে আনে গভীর বেদনাও। স্বাধীনতার বিনিময়ে অসংখ্য প্রাণহানি ও মা-বোনের মর্যাদাহানির কারণে এ মাসটি হয়ে ওঠে শোকেরও প্রতীক।
এই মাসেই পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার-আলবদর-আলশামসরা দেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ চালায়—যার দ্বিতীয় কোনো নজির বিশ্ব ইতিহাসে নেই।
ডিসেম্বরের শুরু থেকেই গেরিলা হামলায় দিশেহারা হয়ে পড়ে দখলদার পাকিস্তানি সেনারা। মুক্তিযোদ্ধাদের অগ্রযাত্রা ও চারদিক থেকে বিজয়ের সংবাদ আসতে থাকলে হানাদার বাহিনী পরাজয় স্বীকার করতে বাধ্য হয়।
অবশেষে ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সমাপ্তি ঘটে বিজয়ের পতাকা উড়িয়ে।
এই অর্জনই বাঙালি জাতিকে দিয়েছে তার বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা ও সার্বভৌম পরিচয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।