বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৭°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

তানোরে গভীর নলকূপে আটকে শিশু সাজিদ: ১৮ ঘণ্টা পরও উদ্ধার নয়, সুরঙ্গ খোঁড়ায় জোর ফায়ার সার্ভিসের

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে শুরু থেকেই তৎপর ফায়ার সার্ভিসের সদস্যরা। দীর্ঘ ১৮ ঘণ্টার চেষ্টার পরও তাকে এখনো বের করা সম্ভব হয়নি। তারপরও তাকে জীবিত ফিরিয়ে আনতে রাতদিন অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধার দল।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নলকূপের পাশেই প্রায় ৩০ ফুট গভীর গর্ত খোঁড়ার কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে শিশুটির দিকে পৌঁছাতে সুরঙ্গ তৈরির কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। আশা করা হচ্ছে, এই সুরঙ্গের মাধ্যমেই সাজিদকে উদ্ধারের পথ তৈরি হবে।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর তানোর উপজেলার একটি পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। শুরুতে একটি স্কেভেটর দিয়ে খনন কাজ শুরু হলেও পরে আরও দুটি স্কেভেটর যোগ করে দ্রুততার সঙ্গে রাতভর অভিযান চালায় তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট।

বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্তও উদ্ধার সম্ভব হয়নি। ভোরে ঘটনাস্থলে শত শত মানুষের ভিড় জমায় কাজ চালাতে পুলিশ ও প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে।

এর আগে, বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নলকূপের ৩০ ফুট নীচে ক্যামেরা নামিয়ে শিশুটিকে খুঁজে দেখার চেষ্টা করে ফায়ার সার্ভিস। কিন্তু ওপর থেকে পড়ে যাওয়া মাটি ও খড়ের স্তর সবকিছু ঢেকে দেওয়ায় ক্যামেরায় কোনো দৃশ্য পাওয়া যায়নি। তবে বিকেলে শিশুটির কান্নার শব্দ শোনা গেছে বলে নিশ্চিত করেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান—
“উদ্ধার কাজ অব্যাহত আছে। গর্ত খোঁড়া শেষ, এখন সুরঙ্গ তৈরি করা হচ্ছে সাজিদকে বের করার জন্য।”

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla