বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৫°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

উচ্চ সুদের চাপে থমকে বিনিয়োগ, অর্থনীতিতে বাড়ছে শঙ্কা

দেশের বেসরকারি খাতে বিনিয়োগ কার্যক্রম ক্রমেই গতি হারাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে ব্যাংকঋণের প্রবৃদ্ধিতে। টানা ছয় মাস ধরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৭ শতাংশের নিচেই রয়ে গেছে, যা অর্থনীতির জন্য স্পষ্টভাবে একটি নেতিবাচক সংকেত। বিশেষজ্ঞদের মতে, উচ্চ সুদের হার, নীতিগত অনিশ্চয়তা এবং রাজনৈতিক অস্থিরতা মিলিয়ে উদ্যোক্তারা এখন চরম দ্বিমুখী চাপে রয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য বলছে, নতুন শিল্প স্থাপন ও বিদ্যমান শিল্প সম্প্রসারণে বিনিয়োগ কার্যত স্থবির হয়ে পড়েছে। এর ফলে ব্যাংকঋণের চাহিদাও কমে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে কর্মসংস্থান, উৎপাদন ও রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
 ব্যাংক ঋণে উচ্চ সুদ, বাড়ছে স্প্রেড
বর্তমানে ব্যাংকঋণ ও আমানতের সুদের ব্যবধান (স্প্রেড) অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। গত অক্টোবরে ব্যাংকগুলো গড়ে ৬.৪০ শতাংশ সুদে আমানত সংগ্রহ করলেও ঋণ বিতরণ করেছে প্রায় ১২.১৪ শতাংশ সুদে। ফলে গড় স্প্রেড দাঁড়িয়েছে ৫.৭৪ শতাংশে, যা কিছু ব্যাংকের ক্ষেত্রে ৮ থেকে ১০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই উচ্চ স্প্রেড ব্যবসায়ীদের জন্য ঋণ গ্রহণকে আরও ব্যয়বহুল করে তুলেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (SME), যারা সীমিত মুনাফার মধ্যে ব্যবসা পরিচালনা করেন।
বিনিয়োগ কমার স্পষ্ট ইঙ্গিত
চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে মূলধনি যন্ত্রপাতি আমদানির দায় নিষ্পত্তি ১৬ শতাংশের বেশি কমে গেছে, যা বিনিয়োগ স্থবিরতার একটি বড় সূচক বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেক বড় শিল্পপ্রতিষ্ঠান আংশিক সক্ষমতায় উৎপাদন চালাচ্ছে, কেউ কেউ উৎপাদন কমিয়ে দিয়েছে। ফলে নতুন ঋণের প্রয়োজনও তৈরি হচ্ছে না।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন,
“নতুন বিনিয়োগ না হলে ব্যাংকঋণের চাহিদা বাড়ে না। বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে দেখাচ্ছে, শিল্প খাতে সম্প্রসারণ কার্যত থেমে গেছে।”
আন্তর্জাতিক তুলনায় বাংলাদেশ পিছিয়ে
আন্তর্জাতিক বাজারে যেখানে ঋণ ও আমানতের সুদের ব্যবধান ১ থেকে ৩ শতাংশের মধ্যে সীমাবদ্ধ, সেখানে বাংলাদেশে এই ব্যবধান অনেক বেশি। ইউরোপে স্প্রেড ১ শতাংশের কাছাকাছি, যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২ শতাংশ এবং ভারতে প্রায় ৩ শতাংশ। ফলে উচ্চ সুদের কারণে বাংলাদেশের শিল্পখাত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।
 উচ্চ সুদে ঝুঁকিতে অর্থনীতি
বিশ্লেষকদের মতে, উচ্চ সুদ ব্যাংকের মুনাফা বাড়ালেও সামগ্রিক অর্থনীতির জন্য এটি ক্ষতিকর। কারণ ঋণের খরচ বেশি হলে নতুন শিল্প স্থাপন, ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হয়। অনেক উদ্যোক্তা যারা আগে ৯ শতাংশ সুদে ঋণ নিয়ে বিনিয়োগ করেছিলেন, তারা এখন ১৪–১৫ শতাংশ সুদের চাপে পড়ছেন। এতে খেলাপি ঋণের ঝুঁকিও বাড়ছে।
বিনিয়োগ ও কর্মসংস্থান—সবচেয়ে বড় চ্যালেঞ্জ
বর্তমানে দেশের অর্থনীতির সবচেয়ে বড় সংকট হলো বিনিয়োগে স্থবিরতা। বেসরকারি ও বিদেশি বিনিয়োগ দুটোই সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। উন্নয়ন বাজেট বাস্তবায়নের গতিও গত এক দশকের মধ্যে সবচেয়ে ধীর।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন,
“বিনিয়োগ কমে যাওয়াই এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না, বেকারত্ব বাড়ে।”
সমাধান কী?
অর্থনীতিবিদদের মতে, শুধু সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বরং এতে উৎপাদন ব্যয় আরও বেড়ে যায়। তাই সুদের হার, মূল্যস্ফীতি ও বিনিয়োগের মধ্যে একটি বাস্তবসম্মত ভারসাম্য তৈরি করা জরুরি।
বিশেষ করে কৃষি, এসএমই, স্বাস্থ্য, শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, আবাসন, গার্মেন্টস ও নারী উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে সহজ শর্তের ঋণ নিশ্চিত করতে হবে। তা না হলে বিনিয়োগ আরও কমবে এবং অর্থনৈতিক সংকট গভীর হবে।
 অর্থনীতিকে সচল রাখতে এখন সবচেয়ে বড় প্রয়োজন বিনিয়োগবান্ধব ও ভারসাম্যপূর্ণ ব্যাংক সুদহার নীতি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla