ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নির্ধারণ করবে গণভোট: আলী রীয়াজ
ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে—তার চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করবে আসন্ন গণভোট। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। রোববার (১১ জানুয়ারি) বরিশালের বেলস পার্কে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বরিশাল বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের কমিশনার মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।
গণভোটের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক আলী রীয়াজ বলেন, বহু ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত এই দেশের প্রকৃত মালিক জনগণ। গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী দিনে বাংলাদেশ কোন পথে এগোবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। এ সুযোগ সবাইকে সচেতনভাবে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন বহুদিনের। তবে স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। বিশেষ করে গত ষোল বছরের দমন-পীড়ন ও স্বৈরশাসন স্পষ্ট করে দিয়েছে—এই ব্যবস্থার পরিবর্তন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়।
গণভোট নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক মতভিন্নতা থাকলেও ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো নিয়ে আমাদের ঐক্যমত্যে পৌঁছাতে হবে। সাধারণ নির্বাচনে যেমন প্রার্থী নির্বাচন করা হয়, তেমনি গণভোটের মাধ্যমে জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হবে।
অধ্যাপক আলী রীয়াজ একটি ন্যায়ভিত্তিক, মানবিক মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠার বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে গণভোটে অংশগ্রহণ এবং জনসচেতনতা তৈরির আহ্বান জানান। তিনি বলেন, গণভোটের প্রতীক হলো ‘টিক চিহ্ন’। যারা পরিবর্তনের পক্ষে, তাদের এই চিহ্নে ভোট দিতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মনির হায়দার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি দমনমূলক শক্তিকে পরাজিত করে রাষ্ট্র সংস্কারের যাত্রা শুরু হয়েছে। আসন্ন গণভোট সেই যাত্রার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ। এই গণভোট ব্যর্থ হলে পুরোনো শোষণব্যবস্থা ফিরে আসার আশঙ্কা রয়েছে বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, পলাতক স্বৈরশক্তি অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব মিথ্যার বিরুদ্ধে আলেম সমাজকে সত্য তথ্য তুলে ধরে জনগণের মধ্যে সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ায় আলেম সমাজ দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে। দেশের ইতিহাসে এই প্রথমবার জনগণের হাতে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। তিনি আশা প্রকাশ করেন, গণভোট সফল করতে আলেম সমাজ অগ্রণী ভূমিকা রাখবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।