যেভাবে রাজপথের লড়াই থেকে বিপ্লবের প্রতীক হয়ে উঠেছিলেন শরীফ ওসমান হাদি
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে তেজস্বী কণ্ঠে যিনি হয়ে উঠেছিলেন প্রতিবাদের প্রতীক, সেই শরীফ ওসমান হাদি আর নেই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় থাকা এই তরুণ নেতা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই ওমর হাদি।
রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর সংকটাপন্ন অবস্থায় তাকে বিদেশে পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসা চললেও শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানেন তিনি।
রাজনীতিতে হাদির উত্থান যেভাবে
ঝালকাঠির নলছিটির এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া শরীফ ওসমান হাদি ছিলেন মাদ্রাসাশিক্ষক পিতার সন্তান। নেছারাবাদ কামিল মাদ্রাসায় শিক্ষাজীবনের সূচনা, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। শিক্ষকতাই ছিল তার মূল পেশা—সাইফুরস কোচিং সেন্টার ও পরবর্তীতে ইউনিভার্সিটি অব স্কলারস-এ অধ্যাপনা করেছেন তিনি।
তবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান তার জীবনধারাকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যায়। রাজপথে সরব উপস্থিতি, স্পষ্ট রাজনৈতিক অবস্থান এবং আগ্রাসী বক্তব্যের মাধ্যমে খুব অল্প সময়েই তিনি আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন।
ইনকিলাব মঞ্চ ও নতুন রাজনৈতিক ভাষ্য
জুলাই অভ্যুত্থানের পর হাদির নেতৃত্বেই আত্মপ্রকাশ করে সাংস্কৃতিক-রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’। সংগঠনটির ঘোষিত লক্ষ্য—সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, জুলাই শহীদদের বিচার, আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ‘জুলাই চার্টার’ ঘোষণার দাবিতে ধারাবাহিক কর্মসূচি তাকে দ্রুত সমর্থকদের কাছে জনপ্রিয় করে তোলে।
বিতর্ক, সমর্থন ও শত্রুতা
বিশ্ববিদ্যালয় জীবনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও জুলাইয়ের পর হাদি হয়ে ওঠেন আলোচিত ও বিতর্কিত চরিত্র। ভারতবিরোধী বক্তব্য, বিএনপির নেতৃত্বের প্রকাশ্য সমালোচনা—একদিকে যেমন তাকে এনে দেয় জনসমর্থন, অন্যদিকে তৈরি করে শক্ত প্রতিপক্ষ।
নির্বাচনী প্রচারণায় মুড়ি-বাতাসা বিতরণ, মসজিদের সামনে ভোররাতে লিফলেট বিলি কিংবা অনুদান সংগ্রহের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে নিয়মিত আলোচনায় রাখত তাকে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ কিংবা ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর—সব ক্ষেত্রেই তাকে দেখা গেছে সামনে থেকে নেতৃত্ব দিতে।
প্রাণনাশের হুমকি ও শেষ লড়াই
ইনকিলাব মঞ্চ গঠনের পর থেকেই সামাজিক মাধ্যম ও সভা-সমাবেশে একাধিকবার প্রাণনাশের হুমকির কথা জানান হাদি। এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি তার পরিবারকে লক্ষ্য করেও ভয়ংকর হুমকির অভিযোগ করেছিলেন তিনি।
তবুও থেমে যাননি এই তরুণ নেতা। আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়ে নতুন রাজনৈতিক শক্তির ইঙ্গিত দিয়েছিলেন।
হত্যাচেষ্টা ও মৃত্যু
গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও শেষ রক্ষা হয়নি। তার মৃত্যুতে জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির মাঝে নেমে এসেছে গভীর শোক।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।